ঈদের আমেজ কাটেনি, কুয়াকাটায় পর্যটকের ঢল, উৎসবমুখর সমুদ্র সৈকত
লিটু দেবনাথ, পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পবিত্র ঈদুল আজহার ছুটিতে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে।
গত বৃহস্পতিবার আশানুরূপ ভিড় না থাকলেও গত শুক্রবার সকাল থেকে বাড়তে শুরু করে পর্যটকের উপস্থিতি। এতে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে সমুদ্রসৈকত ও আশপাশের দর্শনীয় স্থানগুলো।
সৈকত ঘুরে দেখা গেছে, জিরো পয়েন্টে আগত পর্যটকরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। কেউ ডুবসাঁতার কাটছেন, কেউবা প্রিয়জনের হাত ধরে দীর্ঘ সৈকতজুড়ে হাঁটছেন। অনেকে আবার সৈকতের ছাতা-বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। শিশুদেরও দেখা গেছে বালুর ওপর খেলায় মেতে উঠতে। পুরো সৈকত জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
শুধু জিরো পয়েন্ট নয়, লেম্বুর বন, ঝাউবন ও গঙ্গামতিসহ কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটেও বাড়ছে দর্শনার্থীদের ভিড়।
হোটেল-মোটেল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে কুয়াকাটায় কাঙ্ক্ষিত পর্যটক সমাগম শুরু হয়েছে। ঈদের পুরো ছুটিজুড়ে লাখো পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
ঢাকার উত্তরা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক নয়নিকা আহমেদ বলেন, “ঈদের ছুটিতে পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। সমুদ্রসৈকতে হাঁটাহাঁটি, ঢেউয়ের সঙ্গে গোসল, সৈকতে বসে ফুচকা-চটপটি খাওয়া সব মিলিয়ে দারুণ সময় কাটছে। সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, “প্রতিবছরের মতো এ বছরও ঈদের ছুটিতে কুয়াকাটা উৎসবমুখর হয়ে উঠেছে। আবাসিক হোটেলগুলোর কক্ষ বুকিংও বেড়েছে। পর্যটকদের সেবায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি মানসম্মত সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতও মাঠে কাজ করছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ঈদেরআমেজ*কাটেনি,কুয়াকাটায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: