পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৪ লাখ টাকার মাছ ও জাটকা জব্দ, আটক ৩ জন
লিটু দেবনাথ,পটুয়াখালী জেলা প্রতিনিধ।
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পটুয়াখালীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি পিকআপসহ তিনজনকে আটক করা হয়।
গত মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশি করে প্রায় ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ১ হাজার ৩০০ কেজি জাটকা জব্দ করা হয়।
জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৩৫ হাজার টাকা।
এ ঘটনায় পিকআপের চালক ও দুই হেল্পারকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিষিদ্ধ সময়ে মাছ ও জাটকা পরিবহনের দায়ে তাদের মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরে পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় মাদ্রাসা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পটুয়াখালীতে* কোস্ট,গার্ডের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: