বোয়ালমারীতে শিক্ষার্থীদের মাঝে পিংক বাইসাইকেল বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে তাদের মধ্যে পিংক রঙের বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদর মাঝে সাইকেলগুলি বিতরণ করেন বিভাগীয় কমিশনার (ঢাকা) মো: মনিরুজ্জামান মিয়া।
একই অনুষ্ঠানে জ্ঞানচর্চা ও মেধা বিকাশের সুযোগ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ তুলে দেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। পরে তিনি নবনির্মিত উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাইসাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘নজরুল বর্ষে’ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’ উদ্বোধন করা হয়েছে। এ পাঠাগারে ছোট-বড় সবাই জ্ঞানচর্চা ও মেধা বিকাশের সুযোগ পাবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের চলাচল সহজ করতে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পিংক রঙের বাইসাইকেল বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সন্তান কোথায় যায় এবং কার সঙ্গে মেশে, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সন্তানরা যাতে মাদক ও অপরাধে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সবার আগে বাংলাদেশ, এই চেতনা বুকের ভেতর ধারণ করতে হবে।
এর আগে সকালে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। সভায় খন্দকার নাসিরুল ইসলামের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের হাতে বিভিন্ন ঐতিহাসিক ও মননশীল বই তুলে দেওয়া হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন, ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়োজিদ খান রাব্বিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা কমানো এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’কে জ্ঞানচর্চার একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: