সালথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
ফরিদপুরের সালথায় ডালিম বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ডালিম বেগম ওই গ্রামের আব্দুল বেপারীর স্ত্রী। তিনি দুই ছেলের জননী।
নিহতের স্বামী আব্দুল বেপারীর অভিযোগ, বুধবার প্রতিবেশী কামরুল মোল্লা, আলম মোল্লার ছেলে ইমামুল মোল্লা ও কল্পনা বেগম তার স্ত্রীকে মারধর করেন। এর আগেও প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে ডালিম বেগমকে মারধরের ঘটনা ঘটেছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। তবে সালিশের পরও বিরোধের সমাধান হয়নি বলে দাবি পরিবারের।
ডালিম বেগমের ভাই সিদ্দিক মোল্লা বলেন, বুধবার তার বোন ফোন করে জানিয়েছিলেন, প্রতিবেশী কামরুল মোল্লা, ইমামুল মোল্লা ও কল্পনা বেগম তাকে মারধর করেছেন। এ সময় তারা তাকে হত্যার হুমকিও দিয়েছেন বলে বোন তাকে জানিয়েছিলেন।
পরিবারের দাবি, মারধর ও হত্যার হুমকির ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে ডালিম বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে ডালিম বেগমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: