নিখোঁজের ২৯দিন পর আকাশের লাশ মিলল টঙ্গির ইজতেমা ময়দানের পাশে; বন্ধু গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার পশ্চিম চাঁদপুর গ্রামের যুবক আকাশ সরদার (২৩) বন্ধুকে বিশ্বাস করে চাকরির সন্ধানে গাজীপুরের টঙ্গীতে গিয়ে নিখোঁজ হন।
রবিবার (২৩ আগষ্ট ২০২৬) দীর্ঘ ২৯ দিন পর টঙ্গীর ইজতেমা ময়দানের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আকাশের বন্ধু মিঠুকে গ্রেফতার করা হয়েছে।
নিহত আকাশ পশ্চিম চাঁদপুর গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে। গত ২৭ জুলাই চাকরির সন্ধানে বন্ধু মিঠুর সঙ্গে টঙ্গীতে যান তিনি। সেখানে যাওয়ার পর আকাশের পরিবারের কাছে ফোন করে তাকে অপহরণ করা হয়েছে বলে জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে নগদ অর্থ দাবি করা হয়।
এরপর থেকেই আকাশের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে আকাশের কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটায়।
অবশেষে গত ২৩ আগস্ট টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে আকাশকে অপহরণের ঘটনায় তার বন্ধু মিঠুর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং হত্যার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বন্ধুর ওপর বিশ্বাস করে চাকরির সন্ধানে টঙ্গীতে গিয়ে এভাবে প্রাণ হারানোর ঘটনায় আকাশের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: