• ঢাকা
  • শনিবার, ২৯ আগষ্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫০ পিএম;
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার ও পাম্প চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
শনিবার (২৯ আগস্ট ২৯২৬) সকালে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইব্রাহিম শেখ উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের বাসিন্দা মুক্তার শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াড়ী গ্রামের আব্দুর রহমানের মাঠের মধ্যে থাকা একটি সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। স্থানীয়দের ধারণা, ওই সেচপাম্পের বিদ্যুতের তারসহ পাম্পটি চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলের পাশের ইসহাক মোল্যার ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

আব্দুর রহমান বলেন, সকালে তার ভাতিজি তাল কুড়াতে গিয়ে ধানক্ষেতের মধ্যে একজনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশকে জানানো হয়।

তিনি আরও বলেন, ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো ছিল এবং কোমরে একটি কাটিং প্লাস গোঁজা অবস্থায় পাওয়া যায়। তার দাবি, সেচপাম্পের মোটর ও বিদ্যুতের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন