গণভোট ঘিরে রাষ্ট্রীয় বৈধতা সংকট: সংবিধান সংস্কার ইস্যুতে রাজপথে শক্তি প্রদর্শন,
গণভোট ঘিরে রাষ্ট্রীয় বৈধতা সংকট: সংবিধান সংস্কার ইস্যুতে রাজপথে শক্তি প্রদর্শন,সরকার-বিরোধী সরাসরি সংঘর্ষের আশঙ্কা
নজরুল ইসলাম আলীম:
সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে দেশের রাজনীতি এখন এক গভীর অনিশ্চয়তা ও মুখোমুখি সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। গণভোটে জনগণের দেওয়া রায়ের বাস্তবায়ন দাবিতে বিরোধী জোট রাজপথে নামার ঘোষণা দিয়েছে, আর সরকার সেই গণভোটের আইনি ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে সংসদকেন্দ্রিক প্রক্রিয়ায় এগোতে চাচ্ছে। এই দ্বিমুখী অবস্থান দেশের রাজনৈতিক পরিস্থিতিকে শুধু উত্তপ্তই করেনি, বরং রাষ্ট্রীয় বৈধতা নিয়েও এক ধরনের নীরব সংকট তৈরি করেছে।জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ইতোমধ্যে মাঠে সক্রিয়। তারা স্পষ্ট বার্তা দিয়েছে—গণভোটের রায় উপেক্ষা করা হলে শুধু প্রতীকী কর্মসূচি নয়, ধারাবাহিক কঠোর আন্দোলনের পথেই হাঁটবে তারা। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ দিয়ে শুরু হলেও এই আন্দোলন ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। গণসংযোগ, লিফলেট বিতরণ, জনসভা, সেমিনার—সবকিছু মিলিয়ে একটি দীর্ঘমেয়াদি আন্দোলনের ছক আঁকছে বিরোধীরা। ৭ এপ্রিলের বৈঠক থেকে আরও বিস্তৃত কর্মসূচি ঘোষণার আভাস মিলেছে।
বিরোধী জোটের ভাষ্য, গণভোটে বিপুল জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে স্পষ্ট রায় দিয়েছে। প্রায় ৭০ শতাংশ ভোটারের এই অবস্থানকে অস্বীকার করে সরকার কার্যত জনমতকে অগ্রাহ্য করছে। তাদের অভিযোগ, সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে ‘নিয়ন্ত্রিত সংশোধন’-এর পথে হাঁটছে, যা রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা।তবে সরকারের অবস্থান একেবারেই ভিন্ন। সরকারি দল বিএনপি বলছে, সংবিধান সংস্কার পরিষদ নামে যে কাঠামোর কথা বলা হচ্ছে, তার কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। ফলে সেই পরিষদের মাধ্যমে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের প্রশ্নই ওঠে না। তাদের মতে, সংবিধান সংশোধন একটি সাংবিধানিক দায়িত্ব, যা কেবল সংসদের মাধ্যমেই সম্পন্ন হতে পারে। এ লক্ষ্যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এবং খুব দ্রুতই তা কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে গণভোট আয়োজনের ভিত্তি হিসেবে ব্যবহৃত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ। সংসদীয় কমিটি ইতোমধ্যে এই অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সংসদে তা অনুমোদন না পেলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এতে করে গণভোটের বৈধতা নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে—যে আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটি যদি টিকে না থাকে, তাহলে সেই গণভোটের অবস্থান কী হবে?আইন বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। একাংশ বলছেন, অধ্যাদেশ বাতিল হলে গণভোটের ভিত্তিই দুর্বল হয়ে পড়বে এবং পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। অন্য অংশের মত, গণভোট যেহেতু ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তাই পরবর্তীতে আইনি ভিত্তি পরিবর্তিত হলেও ফলাফল বাতিল হয়ে যায় না। এই দ্বন্দ্বই ইস্যুটিকে একটি জটিল আইনি লড়াইয়ের দিকে ঠেলে দিচ্ছে।এরই মধ্যে হাইকোর্ট গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের বৈধতা নিয়ে রুল জারি করায় সংকট নতুন মাত্রা পেয়েছে। ফলে বিষয়টি এখন কেবল রাজনৈতিক বিরোধে সীমাবদ্ধ নেই; বরং তা আদালতের ব্যাখ্যার ওপরও নির্ভরশীল হয়ে পড়েছে। এতে করে রাজপথ, সংসদ ও আদালত—এই তিনটি ক্ষেত্রেই সমান্তরাল চাপ তৈরি হয়েছে।বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সংঘাতের পূর্বাভাস দিচ্ছে। বিরোধী দল রাজপথে জনসমর্থনকে কাজে লাগিয়ে সরকারকে চাপে ফেলতে চাইছে, আর সরকার সময়ক্ষেপণ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিচ্ছে। এই দুই কৌশলের সংঘর্ষই আগামী দিনগুলোতে রাজনীতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
তারা সতর্ক করে বলছেন, দ্রুত কোনো রাজনৈতিক সমঝোতা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে গণভোটের মতো স্পর্শকাতর ইস্যুতে জনমতের প্রশ্নটি সামনে থাকায়, এটি উপেক্ষা করা দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে।সব মিলিয়ে সংবিধান সংস্কার ইস্যু এখন কেবল একটি নীতিগত বিতর্ক নয়, বরং তা রাষ্ট্রীয় কাঠামো, জনমত এবং ক্ষমতার রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। সামনে সমাধান নাকি সংঘাত—এখন সেই উত্তরের অপেক্ষায় পুরো দেশ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- গণভোট* ঘিরে,রাষ্ট্রীয়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: