প্রবাসী ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হলো না মায়ের, একই পরিবারের ৪ জনের মৃত্যু
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫ ব্যক্তির মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য। বাকি একজন প্রাইভেটকারের চালক। মালয়েশিয়া প্রবাসী ছেলেকে বিমানবন্দর থেকে বাড়ি নিয়ে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রবাসীসহ তার মা, ভাই ও বোন।
মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান বেগম (৫০), তাদের মেয়ে আয়েশা বেগম (২৮), দুই ছেলে আরিফ ইসলাম (২৫) ও রাকিব ইসলাম (১৮) এবং প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৩২)। জাহিদের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামে।
হাইওয়ে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আরিফ ইসলাম মালয়েশিয়া প্রবাসী। গতকাল সোমবার রাতে তিনি মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে আরিফকে নিয়ে স্বজনরা প্রাইভেটকারে করে গ্রামের বাড়ি যশোরের দিকে ফিরছিলেন। পথে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সামনে থাকা সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনের অংশে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে প্রবাসী আরিফ ইসলামের মৃত্যু হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। প্রাইভেটকারটি ট্রাকের নিচে ঢুকে যাওয়ায় সেটি উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করে শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রবাসী যুবককে আনতে গিয়ে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: