সিংড়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়: সিংড়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা
নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অভিযোগে একটি পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। অভিযানকালে ‘সিংড়া এন্টারপ্রাইজ’ নামের পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়।
যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় এবং ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। কাউন্টারে দায়িত্বে থাকা মো. মিঠন আলীর কাছ থেকে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়। এ সময় পরিবহন মালিক মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন না। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, "যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং নির্ধারিত ভাড়াই আদায় করা পরিবহন কর্তৃপক্ষের দায়িত্ব। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" তিনি আরও বলেন, "যাত্রীসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন নিয়মিত তদারকি চালিয়ে যাবে।" উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: