গলাচিপা পৌর নির্বাচন: মেয়র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট হিরু
আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই মধ্যে মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান হিরু।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অ্যাডভোকেট হিরু বলেন, ‘জনগণের অকুণ্ঠ সমর্থন ও উৎসাহ থাকলে আমি গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি বিবেচনা করছি। তবে আমার প্রার্থিতার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলীয় নির্দেশনা, স্থানীয় জনগণের মতামত এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর।’
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত। স্থানীয় পর্যায়ে তার সততা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের সামাজিক গ্রহণযোগ্যতা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তার অনুসারী ও স্থানীয় সচেতন মহলের মতে, তিনি প্রার্থী হলে একটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে।
এদিকে, সম্ভাব্য এই প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই গলাচিপা পৌর এলাকায় নির্বাচনী আমেজ বাড়তে শুরু করেছে। সাধারণ ভোটারদের মধ্যে আগাম ভোটের হিসাব-নিকাশ নিয়ে চলছে আলাপ-আলোচনা, যা স্থানীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।`
দৈনিক পুনরুত্থান / গলাচিপা প্রতিনিধি:
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: