হাজিদের ‘লাগেজ চুরি’ হওয়ার ভিডিও অসত্য দাবি প্রতিমন্ত্রীর
হজযাত্রীদের শতাধিক লাগেজ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ‘অসত্য’ বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিমান কর্তৃপক্ষকে তদন্তের ভিত্তিতে তিনি জানান, ২১টি লাগেজে কাঁটা-ছেড়ার তথ্য পাওয়া গেছে।
যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছে বিমান কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা অপতথ্য ছড়িয়ে পড়ছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরে হাজীদের ১৫০টি লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির দাবি সত্য নয়।
তদন্তে এ ধরনের কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।
তিনি বলেন, সংশ্লিষ্ট ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজ পরিবহন করা হয়। এর মধ্যে ২১টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া যায় বলে দায়িত্বপ্রাপ্ত গ্রাউন্ড স্টাফরা মৌখিকভাবে জানিয়েছেন। যেগুলো সৌদি আরবে চেকিংয়ের সময় ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ বিষয়ে জানতে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে জেদ্দা থেকে আসা একটি হজ ফ্লাইটে প্রায় দেড়শ’ যাত্রীর লাগেজ কাটা এবং যাত্রীদের মূল্যবান জিনিসপত্র চুরি সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রতিমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠার পরপরই বিমান কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: