পটুয়াখালীতে মাছ ধরার সময় বজ্রপাত: দুই জেলের মর্মান্তিক মৃত্যু, আহত ৩
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মেঘনা নদীর মোহনায় মাছ ধরার ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই তরুণ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন জেলে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মধ্যবর্তী বুড়াগৌরাঙ্গ মোহনায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের হাবিব খাঁর ছেলে ইমন খাঁ (২২) এবং একই গ্রামের শহিদুল শিকদারের ছেলে শাকিব শিকদার (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সুমন খাঁর মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারে করে পাঁচজন জেলে নদীতে মাছ ধরতে যান। বুড়াগৌরাঙ্গ নদীর মোহনায় জাল ফেলার সময় হঠাৎ করেই কালবৈশাখী বা বজ্রপাতের কবলে পড়েন তারা। এ সময় আকস্মিক বজ্রপাতে ট্রলারে থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরে অন্য জেলে ও স্থানীয়দের সহায়তায় ইমন খাঁ ও শাকিব শিকদারকে দ্রুত উদ্ধার করে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা জানান, বজ্রপাতে আহত পাঁচ জেলের মধ্যে দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “বজ্রপাতে দুই জেলের মৃত্যুর বিষয়টি আমরা শুনেছি। ঘটনার বিস্তারিত জানতে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য ঘটনাস্থলে ও নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: