ভোলার তজুমদ্দিনে ১৬০ বস্তা সার বোঝাই ট্রলার আটক, ডিলারের বৈধ দাবি
লিটু, স্টাফ রিপোর্টার, ভোলা:
ভোলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের খালে অভিযান চালিয়ে ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। গত শনিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল ৩টায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিনের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার করা হচ্ছে সন্দেহে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা ইউরিয়া সার ও ট্রলারটি জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা শ্রমিক ও বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সার ও ট্রলারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এদিকে জব্দকৃত সারগুলো সম্পূর্ণ বৈধ বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল। তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর চরমোজাম্মেলের কয়েকজন খুচরা ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ বস্তা সার বিক্রি করা হয়। পরবর্তীতে ওই ব্যবসায়ীরা একত্রিত হয়ে একটি বোটে করে সারগুলো গন্তব্যে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে চরের মুক্তিযোদ্ধা বাজারের ঘাট থেকে কোস্ট গার্ড সারগুলো জব্দ করে। ডিলারের দাবি, তাদের কাছে এ সংক্রান্ত বৈধ ক্যাশ মেমো সংরক্ষিত আছে এবং কোস্ট গার্ডের উপস্থিতি দেখে ভয়ে বোটের শ্রমিকরা পালিয়ে গিয়েছিলেন।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, উপজেলায় পাঁচজন অনুমোদিত বিসিআইসি সার ডিলার রয়েছেন। জব্দকৃত ১৬০ বস্তা ইউরিয়া সার মেসার্স মোশাররফ হোসেনের ডিলারের দোকান থেকে চরের ১০-১২ জন খুচরা বিক্রেতা ক্যাশ মেমোর মাধ্যমেই কিনেছিলেন। মূলত পরিবহনের সুবিধার্থে তারা একসঙ্গে একটি বোটে সারগুলো বহন করছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: