বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার
বরগুনার আমতলী উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালু বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত খালু মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে।
রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (২৩ মে) দিবাগত রাত ২টার দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন থেকে অভিযুক্ত মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের রাইবালা নামক এলাকার বাসিন্দা নূর হোসেন আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরীর জন্মের দুই মাস পরেই মায়ের মৃত্যু হয়। এরপর থেকে নানা-নানীর কাছে থেকেই বড় হয় ওই কিশোরী। গত ১৮ মে সকালের দিকে মো. আলমগীর তার শ্বশুরবাড়ি এবং ওই কিশোরীর নানা বাড়িতে বেড়াতে যায়। এ সময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে আলমগীর। পরে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার চাচাদের জানালে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত মো. আলমগীর হোসেনকে ধরে আমতলী থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, গতকাল রাতে বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। ভুক্তভোগী কিশোরীর সঙ্গে কথা বলে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে এ ঘটনায় অভিযুক্ত খালু মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: