ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে অপহরণের চেষ্টা, আটক ২
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় সুমাইয়া (১৫) নামে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাহেন্দ্রচালকসহ দুই যুবককে আটক করা হয়েছে। কিশোরীকে অনৈতিক কাজের উদ্দেশ্যে অপহরণ করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) গভীর রাতে স্থানীয়দের সন্দেহ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল বিল মাহমুদপুর এলাকা থেকে কিশোরীকে উদ্ধার এবং দুই যুবককে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে লেখাপড়া করছে না। সে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় দাদি ও ফুফুর সঙ্গে বসবাস করত। তার বাবা মমিদুল ইসলাম ওরফে সানবির মাদক মামলায় কারাগারে রয়েছেন এবং তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে দাদি ও ফুফুর নির্যাতনের শিকার হয়ে সুমাইয়া বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে কোতোয়ালি থানার ধুলদি এলাকার পলাশ ওরফে পাগলা বাবা ফকিরের বাড়িতে যায়। রাত হয়ে যাওয়ায় তাকে পরদিন সকালে আসতে বলা হয়। সেখানে না থেকে
সেখান থেকে বের হয়ে ধুলদি স্ট্যান্ডে এসে দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরগামী একটি মাহেন্দ্রগাড়িতে ওঠে সুমাইয়া। গাড়িটির চালক ইকবাল (৩২) এবং তার সঙ্গি মজিদ বেপারী (২৯)কে সুমাইয়া কোতোয়ালি থানায় যাওয়ার কথা জানালে তাকে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলা হয়।
পথে ফরিদপুর-ভাঙ্গা সড়কের মোড় এলাকায় তারা খাবার খায়। খাবার শেষে সুমাইয়া থানায় যেতে চাইলে তাকে বলা হয়, রাতে থানা খোলা থাকে না। পরদিন সকালে থানায় নিয়ে যাওয়ার কথা বলে তাকে তাদের সঙ্গে বাসায় যেতে বলা হয়।
পুলিশের তথ্যমতে, পরে ইকবালের বাড়ির পরিবর্তে মাহেন্দ্রগাড়িটি মজিদ বেপারীর বিল মাহমুদপুর এলাকার বাড়ির দিকে নেওয়া হয়। রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছালে স্থানীয় নিরাপত্তাকর্মীরা গাড়িটি আটক করেন।
গাড়িতে অল্পবয়সী এক কিশোরীকে দেখতে পেয়ে স্থানীয়রা ইকবালকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি কিশোরীকে তার স্ত্রী বলে পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরী ও দুই যুবককে থানায় নিয়ে আসে। পরে কিশোরীকে নারী ডেস্কে রাখা হয় এবং আটক দুই যুবককে থানা হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: