• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

ফরিদপুরে দেনার চাপে দিশেহারা যুবকের আত্মহত্যা 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৫ পিএম;
ফরিদপুরে দেনার চাপে দিশেহারা যুবকের আত্মহত্যা 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আমির শেখ (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমির শেখ ওই গ্রামের সিরাজ শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আমির শেখ দীর্ঘ নয় মাস সৌদি আরবে অবস্থান করার পর সাত-আট মাস আগে দেশে ফেরেন। দেশে ফেরার পর তিনি আর্থিক সংকট ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ নিয়ে বুধবার স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে আমির নিজ ঘরে ছিলেন। একপর্যায়ে তার বোন নার্গিস মোবাইল ফোনের চার্জার খুঁজতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায়, তিনি ঘরের আড়ার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উঠানে শুইয়ে রাখেন। খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই মোহাম্মদ আহাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন