মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত দুই
সিনিয়র স্টাফ রিপোর্টার :
মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং অপর দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মাগুরার মহম্মদপুরের দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এই মর্মান্তিক মটর সাইকেল দুর্ঘটনাটি ঘটেছে।
রবিবার (০৯ আগষ্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায় মটরবাইকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় একটি মোটরসাইকেল রাস্তায় স্লিপ করে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ১ জন নিহত ও ২জন আহত হয়।
পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করেন।
নিহত যুবক ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। আর একদিন পরই তার পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল ঘোষনার কথা। সুত্র জানায়, কিছুদিন আগে আগুনে পুড়ে যায় তার বসত ঘর। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই পরিবারে নেমে এলো গভীর শোকের ছায়া। ভাগ্যের নির্মম পরিহাস, স্বল্প সময়ের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
একটি পরিবারের স্বপ্ন আবারও থেমে গেল। রেখে গেলেন অসংখ্য স্মৃতি আর স্বজনদের জন্য গভীর শোক।
নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা গেছে। নিহত ছাত্রের নাম সজীব কুমার মন্ডল (১৭), পিতা প্রতাপ মন্ডল, গ্রাম-খাজুরা, দীঘা, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা।
আহত ব্যক্তিরা হলেন, সাগর মজুমদার (১৮), পিতা-চান্দু মজুমদার, গ্রাম আউনাড়া, উপজেলা- মহম্মদপুর, জেলা-মাগুরা; মোহাম্মদ তারেক (২০), পিতা-মিলন মন্ডল, গ্রাম- খাজুরা, দীঘা উপজেলা- মহম্মদপুর,জেলা মাগুরা।
সাগর মজুমদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: