দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযান: ১২ ট্রলারসহ ৩০ লাখ টাকার জাল জব্দ
দশমিনা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ১২টি ইঞ্জিনচালিত ট্রলার এবং আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
গত শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীসংলগ্ন গোলখালী খাল এলাকা থেকে এসব জাল ও ট্রলার জব্দ করা হয়।
স্থানীয় সূত্র ও থানা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে তেঁতুলিয়া নদীর গোলখালী খালে মা ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নৌ-পুলিশ, থানা পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের একটি যৌথ টিম সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে খালটি থেকে অবৈধ কারেন্ট জাল ভর্তি ১২টি ইঞ্জিনচালিত ট্রলার আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে জব্দকৃত ট্রলার ও কারেন্ট জাল হাজির হাটে নিয়ে আসা হয়। এতে জব্দ হওয়া কারেন্ট জালের পরিমাণ প্রায় ১ লাখ মিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা। অভিযানকালে চতুর জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত কারেন্ট জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ১২টি ট্রলার স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, “সরকারি নির্দেশনা ও মা ইলিশ রক্ষায় আমাদের এ সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। নদীসংলগ্ন গোলখালী এলাকা থেকে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২টি ট্রলার জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ট্রলার ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। ইলিশের প্রজনন সুরক্ষায় তেঁতুলিয়া নদীতে আমাদের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: