• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

বোয়ালমারীতে ব্র্যাক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩০ পিএম;
বোয়ালমারীতে ব্র্যাক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

​বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের বোয়ালমারীতে অলিভ বিশ্বাস (৩০) নামে ব্র্যাকের এক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার সংলগ্ন 'শাহ জাফর টেকনিক্যাল কলেজ'-এর শিক্ষক স্বপন কুমার সাহার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
​নিহত অলিভ বিশ্বাস মাগুরা জেলার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি ব্র্যাকের জয়পাশা শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ জাফর টেকনিক্যাল কলেজের শিক্ষক স্বপন সাহার বাসায় অলিভ বিশ্বাস ও তাঁর সহকর্মী অমরেন্দ্র মন্ডল একসঙ্গে একটি রুমে ভাড়া থাকতেন। গত শুক্রবার সাপ্তাহিক ছুটিতে অমরেন্দ্র মন্ডল নিজ বাড়িতে যান। আজ শনিবার সকাল ৮টার দিকে তিনি বাসায় ফিরে ভেতর থেকে রুমের দরজা বন্ধ দেখতে পান। অলিভকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে অমরেন্দ্র আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা এসে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে অলিভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
​পরে বিষয়টি থানায় জানানো হলে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার এসআই রাজিব মিয়া জানান, "সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে সিলিং ফ্যানের সাথে রশিতে ফাঁস দেওয়া অবস্থায় অলিভ বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
​তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন