কলাপাড়ায় বুনো পাখি দিয়ে মাদক পার্টির প্রস্তুতি: এয়ারগানসহ ২ যুবক আটক, কারাদণ্ড ও জরিমানা
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় এয়ারগান দিয়ে বুনো পাখি শিকারের পর তা দিয়ে মাদক সেবনের পার্টির প্রস্তুতিকালে তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩) নামের দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কলাপাড়া ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক। আদালত পরিচালনাকালে কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল এবং পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, শুক্রবার বিকেলে অভিযুক্ত তানজিল ও সাইমুন পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এয়ারগানের সাহায্যে পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক হত্যা করে। সন্ধ্যায় তারা মাদকের সঙ্গে পাখির মাংস দিয়ে ভোজের উদ্দেশ্যে নাচনাপাড়া এলাকা থেকে রওনা হলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল তাদের হাতেনাতে গ্রেফতার করে।
আদালত সূত্রে জানা যায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় পাখি হত্যার দায়ে তানজিলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ইয়াবা সেবন ও সেবনের সরঞ্জাম রাখার অপরাধে সাইমুন মাতুব্বরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং মাদকের অপব্যবহার রোধে এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: