কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর বাড়িসংলগ্ন খাল থেকে মো. রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে খালের কচুরিপানার নিচে বাজারের কাপড়ের ব্যাগে ভরা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যার ঘটনায় শিশুটির আপন খালু আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত রায়হান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু রায়হানের বাড়িসংলগ্ন খালের একটি স্থান থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকে। সন্দেহ হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে কচুরিপানা পরিষ্কার করা শুরু করেন। একপর্যায়ে কচুরিপানার নিচে একটি কাপড়ের ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পরিবার জানায়, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে বসতঘরে বাবা রাসেল খানের পাশে ঘুমিয়ে ছিল শিশু রায়হান। ঐ সময় শিশুটির মা রুমা বেগম ঘরের বাইরে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে স্বামীকে ডেকে তোলেন। এরপর পুরো এলাকা, এমনকি পুকুরের পানি সেচেও কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর থেকে শিশুটির পরিবার ও এলাকাবাসী নিকটাত্মীয়দের ওপর সন্দেহ প্রকাশ করে আসছিলেন। রায়হানের মা রুমানা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আপন ভগ্নিপতি (রায়হানের খালু) আল-আমিনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ আল-আমিনকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় ইতোমধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত অন্য অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”
নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: