গলাচিপায় জমি দখলের চেষ্টার অভিযোগ, চরম নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু পরিবার
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারকে হয়রানি ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীনাথ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির প্রকৃত মালিক সুশান্ত মণ্ডল। তার ভাই সুজিত মণ্ডল ১৯৮৪ সালে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেলিম চৌধুরী নাম ধারণ করে বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা জীবনযাপন করছেন। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল এই পারিবারিক বিষয়টিকে পুঁজি করে এবং সুশান্ত মণ্ডলের ভাইকে ঢাল বানিয়ে জোরপূর্বক তার জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। জমিতে বাধা দিতে গেলে তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন ও মারধরের হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী সুশান্ত মণ্ডলের ছেলে অনিক মণ্ডল জানান, "আমরা নিজেদের জমিতে চাষাবাদ করতে বা সার দিতে গেলে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি আমাদের মারধরের হুমকি দেন এবং নানাভাবে বাধা সৃষ্টি করেন।"
অনিক মণ্ডলের স্ত্রী স্বর্ণা মণ্ডল আতঙ্ক প্রকাশ করে বলেন, "আমরা একটি সংখ্যালঘু পরিবার। বর্তমানে চরম জীবনঝুঁকিতে আছি। সন্ধ্যার পরে বাইরে যাওয়ারও কোনো পরিবেশ নেই, সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়।"
স্থানীয় বাসিন্দা অমল মণ্ডল বলেন, "এই জমির প্রকৃত মালিক সুশান্ত মণ্ডল। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার জোরে তার জমি জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।"
শ্রীনাথ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, "প্রভাবশালীরা অন্যায়ভাবে সুশান্ত মণ্ডলের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।"
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য আলমগীর মিয়া বলেন, জমি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এদিকে, কোনো উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী পরিবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চায়। খবর পেয়ে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: