বরগুনার পাথরঘাটায় চাচিকে পিটিয়ে হত্যার অভিযোগ
লিটু ,স্টাফ রিপোর্টার :
বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত ভাতিজার মারধরে পিয়ারা বেগম (৬২) নামের এক চাচি নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মো. আল আমিন (৩৬) পলাতক রয়েছেন। তিনি একই এলাকার আ. সালাম মাতুব্বরের বড় ছেলে এবং নিহত পিয়ারা বেগমের দেবরের ছেলে। নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে এবং মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল আমিনের সঙ্গে তাঁর চাচি পিয়ারা বেগমের কথা-কাটাকাটি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আল আমিন তাঁকে কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। হামলায় গুরুতর আহত হয়ে পিয়ারা বেগম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অভিযুক্ত আল আমিনের ছোট ভাই রুহুল আমিন জানান, তাঁর বড় ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত অবস্থায় এর আগেও তাঁদের বাবা-মাকেও একাধিকবার মারধর করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে অভিযুক্ত আল আমিনকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনার সময় আল আমিন নেশাগ্রস্ত ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: