বোয়ালমারীতে মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। দিনব্যাপি কর্মসূচিতে উল্লেখযোগ্য ছিলো জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন। গণকবরে শ্রদ্ধা নিবেদন, শারিরীক কসরত, হাঁসধরা প্রতিযোগিতা জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি ড. ইলিয়াস মোল্লা। অন্যতম আমন্ত্রিত অতিথি ছিলেন তৎকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ মো: আবু জাফর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ'র অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংবর্ধনায় যুদ্ধকালীন স্মৃতি তুলে ধরেন বর্ষিয়ান জননেতা, বীর মুক্তিযোদ্ধা শাহ মো: আবু জাফর।
তিনি ১০ মার্চ বৃহত্তর ফরিদপুরের অম্বিকা ময়দানে পাকিস্তানের পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন, যা মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে তিনি বোয়ালমারী পৌর সদরের কলেজ রোডে অবস্থিত শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যাপক আব্দুর রশিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। শাহ মো. আবু জাফর মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ফিল্ড কমান্ডার (বি.এল.এফ) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্যা সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরসহ উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক অধ্যাপক মো: আব্দুর রশিদ, মো: নুরুল ইসলাম, মো: সাইফুজ্জামান জিন্নাহ প্রমুখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিউদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এস এম আতিকুল হক, মো: আব্দুর রউফ খান, বীর মুক্তিযোদ্ধা সমির ঘোষসহ আরও অনেকে।
এছাড়া দিবসটি উপলক্ষে লাঠিখেলা, আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৫টায় মুক্তিযোদ্ধা বনাম সাংবাদিক এবং পৌরসভা বনাম প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- বোয়ালমারীতে* মর্যাদার,সাথে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: