সরকারিভাবে প্রণোদনা মানেই অপব্যবহার নয় : হুইপ আখতারুজ্জামান মিয়া
নুর-আমিন,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর–৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেছেন, সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছে বলেই এর অপব্যবহার করা যাবে—এমনটা ভাবার কোনো সুযোগ নেই। যারা এই বীজ নিচ্ছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে, যে ফসলের জন্য বীজ দেওয়া হচ্ছে, সে কাজেই তা ব্যবহার করতে হবে।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ–১ মৌসুমে আউশ ধান, হলুদ ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বীজের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। যে উদ্দেশ্যে বীজ নেওয়া হচ্ছে, সেই উদ্দেশ্যেই চাষাবাদ করতে হবে। কৃষি কর্মকর্তারা পরবর্তীতে মাঠে গিয়ে সরেজমিনে পরিদর্শন করবেন—ঠিকভাবে আবাদ হয়েছে কি না। যারা বীজ যথাযথভাবে কাজে লাগাবেন এবং চাষাবাদ করবেন, প্রকৃত সুবিধা তারাই পাবেন। কোনোভাবেই যেন অপব্যবহার বা দুর্নামের সুযোগ না তৈরি হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক কৃষকের কাছ থেকে যদি মাত্র পাঁচ মণ করেও অতিরিক্ত উৎপাদন নিশ্চিত করা যায়, তাহলে খানসামা উপজেলায় সামগ্রিকভাবে কৃষি উৎপাদনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। এতে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে এলাকার খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী, জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিএনপির নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকেরা।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ৯০০ জন কৃষককে আউশ ধানের বীজ ৫ কেজি করে, ডিএপি সার ১০ কেজি করে এবং এমপি সার ১০ কেজি করে প্রদান করা হয়েছে। ৩৫ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ, ডিএপি সার ৫ কেজি করে এবং এমপি সার ৫ কেজি করে দেওয়া হয়েছে। ১০ জন কৃষককে হলুদ বীজ ১০০ কেজি করে, সঙ্গে ডিএপি সার ৫ কেজি ও এমপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: