ফেসবুকে পরিচয়, চীন থেকে হরিপুরে যুবক; এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ে করতে সুদূর চীন থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসেছেন এক যুবক। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য। চীনা ওই যুবকের নাম 熊振廷 (শিওং ঝেনতিং)। তাঁর জন্ম ১২ জানুয়ারি ১৯৯৪। তিনি চীনের শিনজিয়াংয়ের আলার শহরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় গ্রামের আবুল কালামের মেয়ে নাসিমা আক্তার ঢাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করেন। ফেসবুকের মাধ্যমে চীনা যুবক শিওং ঝেনতিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের পরিণতি হিসেবে নাসিমাকে বিয়ে করতে চীনা যুবকটি তিন দিন আগে বাংলাদেশে এসে তাঁর বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এদিকে চীনা যুবকের বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তাকে দেখার আগ্রহ তৈরি হয়। তবে নাসিমা ও শিওং ঝেনতিংয়ের সঙ্গে গণমাধ্যমকর্মী কিংবা স্থানীয়দের কথা বলতে দিচ্ছেন না পরিবারের সদস্যরা।
এ বিষয়ে নাসিমার মা-বাবা বলেন, “ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মেয়ের ও চীনা ছেলের সম্মান নষ্ট হতে পারে। তাই আমরা কাউকে তাদের সঙ্গে কথা বলতে দিচ্ছি না।”
পরিবারের এমন অবস্থানের কারণে গণমাধ্যমকর্মীরা চীনা যুবক ও নাসিমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে হরিপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ কী কারণে ঘটনাস্থলে গিয়েছিল এবং সেখানে কী ধরনের তথ্য সংগ্রহ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে বিদেশি নাগরিকের বাংলাদেশে অবস্থান ও বিয়ের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। তার পাসপোর্ট, ভিসা, বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য এবং বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না —এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
তবে চীনা যুবক ও নাসিমার বিয়ে সম্পন্ন হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের বক্তব্য এবং পুলিশের পরিদর্শনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত আরও পরিষ্কার হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: