• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৪ পিএম;
পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত: সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদের সুপারিশ
পটুয়াখালী প্রতিনিধিঃ

 

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটুয়াখালীর সহযোগিতায় এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়।

সভার শুরুতে জাতীয় তথ্য বাতায়নের ‘সনাক কর্তৃক পরিচালিত পটুয়াখালী জেলার সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৬’ শীর্ষক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। উপস্থাপনায় জেলার ৮১টি ওয়েব পোর্টালের পর্যবেক্ষণ চিত্র তুলে ধরার পাশাপাশি বিগত বছরের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।


সভায় সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদ ও আরও কার্যকর করার জন্য সাত দফা সুপারিশ পেশ করা হয়। সুপারিশগুলো হলো—
১. ওয়েব পোর্টালের তথ্য শতভাগ হালনাগাদ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জেলা প্রশাসকের পক্ষ থেকে চিঠি ইস্যু করা।

২. ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’র নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল ওয়েব পোর্টালের হোমপেজে নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা প্রদান।

৩. পরিবর্তনযোগ্য তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে মাসে একাধিকবার ওয়েব পোর্টাল পরিদর্শনের নির্দেশনা দেওয়া।

৪. আংশিক তথ্যের পরিবর্তে প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে হালনাগাদ রাখা।

৫. জাতীয় তথ্য বাতায়নের পোর্টাল ছাড়া স্বতন্ত্রভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের লিংক জাতীয় তথ্য বাতায়নের হোমপেজে যুক্ত করা।

৬. তথ্য অধিকার বাস্তবায়নে পরিবীক্ষণ জেলা কমিটির নিয়মিত সভা ও কার্যক্রম কার্যকর করা।

৭. ওয়েব পোর্টালকে জনগণের জন্য আরও কার্যকর করতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া জনগণের একটি মৌলিক অধিকার। কেউ তথ্য চাইলে আইনগতভাবে সরকারি-বেসরকারি সকল অফিস তা প্রদানে বাধ্য। সঠিক তথ্য প্রাপ্তির জন্য জনগণকে সচেতন হতে হবে এবং কোন তথ্য চাওয়া যাবে বা যাবে না সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে।

বক্তারা আরও বলেন, সরকারি অফিসগুলো যদি নিয়মিত তাদের নিজ নিজ ওয়েব পোর্টাল হালনাগাদ করে এবং প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করে, তবে সাধারণ মানুষকে আর আবেদন করে তথ্য চাইতে হবে না। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর ওপর জোর দেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ হালদারের সঞ্চালনা বা পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন সনাক সভাপতি অ্যাডভোকেট সহিদুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সনাক ও ইয়েস (Youth Engagement Support) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন