বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
দীর্ঘ ২২ বছর অন্যায়ভাবে কারাভোগ করা ইব্রাহিম আলী শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে উচ্চ আদালতে খালাসের আদেশ হওয়ার পরও তা কার্যকর করতে আট বছর বিলম্ব কেন বেআইনি, অসাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের ২৯ নম্বর কোর্টে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর আদালতে রিটটির শুনানি হয়। শুনানি শেষে আদালত এ রুল জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও অ্যাডভোকেট মুহাম্মদ হাসান শহীদ কারুজ্জামান।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষে জনস্বার্থে রিটটি করেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। রিটে ইব্রাহিম আলী শেখের ২২ বছরের কারাবাস এবং উচ্চ আদালতের খালাসের আদেশ কার্যকর করতে আট বছরের বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়।
রিটের প্রার্থনায় বলা হয়, ইব্রাহিমের খালাসের আদেশ কারাগারে পাঠানো ও তা কার্যকর করতে আট বছরের বিলম্ব কেন বেআইনি, অসাংবিধানিক, কোনো আইনি কর্তৃত্ববিহীন এবং সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে দেওয়া মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হোক।
এ ছাড়া দীর্ঘ ২২ বছরের অন্যায় কারাবাস এবং অবৈধভাবে আটক থাকার কারণে স্বাধীনতা, সম্মান ও জীবিকা হারানোর জন্য ইব্রাহিমকে পাঁচ কোটি টাকা অথবা আদালত নির্ধারিত দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আইনজীবী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, একজন নিরপরাধ ব্যক্তি দীর্ঘ সময় কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে খালাস পেলেও তাকে মুক্তি পেতে আরও আট বছর অপেক্ষা করতে হয়েছে। তার ভাষ্য, খালাসের আদেশ কার্যকর করতে সংশ্লিষ্টদের অবহেলার কারণে ইব্রাহিমের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র ইব্রাহিমের হারিয়ে যাওয়া সময় ফিরিয়ে দিতে পারবে না। তবে বাকি জীবন যেন তিনি নিরাপদে কাটাতে পারেন, সে জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে আদালত রুল জারি করেছেন।
এর আগে ২০১৭ সালে একটি মামলায় হাইকোর্ট ইব্রাহিম আলী শেখকে খালাস দেন। তবে ওই খালাসের আদেশ যথাসময়ে কারাগারে না পৌঁছানো এবং তা কার্যকর না হওয়ায় তিনি আরও প্রায় আট বছর কারাগারে ছিলেন বলে রিটে উল্লেখ করা হয়েছে। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তার মুক্তি ও পুনর্বাসনের বিষয়টি সামনে আসে। এবার দীর্ঘ কারাবাসের ক্ষতিপূরণ আদায়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: