• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে এনজিও ‘এসডিএ’-এর উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৪ পিএম;
পটুয়াখালীতে এনজিও ‘এসডিএ’-এর উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি:

 


পটুয়াখালীতে নাগরিক নেতা, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”।

দিবসটি উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ)-এর উদ্যোগে এবং পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান)-এর সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা—এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর অর্থায়নে পরিচালিত ‘নাগরিক’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পটুয়াখালীর শিয়ালী বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক নেতা, শিক্ষক, নারীনেত্রী ও শিক্ষার্থীসহ প্রায় সাড়ে চারশত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরোদ লাল বৈদ্যের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সঠিক তথ্য ও অপতথ্যের (Misinformation) পার্থক্য নির্ণয় করা বেশ কঠিন হয়ে পড়েছে। মিথ্যা, অতিরঞ্জিত বা অর্ধসত্য তথ্যের কারণে সাধারণ মানুষ অহরহ বিভ্রান্ত হচ্ছে এবং সামাজিক বিচারব্যবস্থা ও জনমত নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। সমাজে বিভ্রান্তি ও অসহিষ্ণুতা দূর করতে এবং অবাধ তথ্যপ্রবাহের সুফল পেতে নাগরিকদের ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ সম্পর্কে সচেতন হতে হবে এবং এর সঠিক প্রয়োগ বাড়াতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী পরিদর্শক রিনা রানী, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আবু জাফর, এসডিএ-এর নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমল চন্দ্র পাল, এসডিএ-এর প্রোগ্রাম ম্যানেজার সৈকত মজুমদার সৌরভ এবং স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল হাসান লালমিয়া।

বক্তারা বলেন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। সাধারণ নাগরিকরা সঠিক তথ্য পাওয়ার চর্চা বাড়িয়ে দিলে সমাজে অপতথ্যের বিস্তার স্বয়ংক্রিয়ভাবেই কমে আসবে এবং সুশাসন প্রতিষ্ঠা সহজতর হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন