মধুখালীতে ঘরের তালা ভেঙ্গে তিন লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগ
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিক বাড়িতে ছিলেন না।
নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চুরির ঘটনাটি ঘটেছে মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোন্দারদিয়া রেলগেট এলাকায়। এ ঘটনায় মারজানা আক্তার নামে এক নারী মধুখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাড়ির দরজা ও পেছনের গেটে তালা লাগিয়ে চলে যান বাড়ির মালিক নার্গিস আক্তার। এরপর ২৬ আগস্ট বিকেল আনুমানিক ৪টার দিকে মারজানা বাড়িতে গিয়ে দেখেন, পেছনের গেট ও বসতঘরের দরজার তালা ভাঙা।
পরে ঘরে প্রবেশ করে দেখা যায়, আলমারি ও ওয়ারড্রপ খোলা এবং ঘরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। অভিযোগ অনুযায়ী, একটি স্বর্ণের চেইন, একটি রূপার চেইন, ফ্রিজের কমপ্রেসার, দুটি সিলিং ফ্যান, দুটি চার্জার ফ্যানসহ বিভিন্ন মালামাল এবং নগদ ১ লাখ টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা বাড়ির তালা ভেঙে এসব মালামাল নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর মধুখালী থানায় অভিযোগ করা হলে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।
চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: