• ঢাকা
  • শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১১ পিএম;
দুর্গাপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আটক, মুচলেকায় ছাড়

জাহিদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ

 

রাজশাহীর দুর্গাপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের বাবা কথিত সাংবাদিক ইসমাইল হোসেন নবীকে আটক করা হলেও পরে বিয়ে না দেওয়া শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরীর বিয়েকে কেন্দ্র করে তার বাড়িতে গেইট নির্মাণ, অতিথিদের দাওয়াতসহ বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। শুধু বর-কনের বিয়ের আনুষ্ঠানিকতা বাকি ছিল। 

এরই মধ্যে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে স্থানীয় প্রশাসনে সহযোগিতায় ঘটনাস্থলে যান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা শারমিন। পরে কনের বয়স যাচাই-বাছাই করে তার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় কিশোরীর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে বিয়ে দেওয়া হবে না এ মর্মে তার বাবা ইসমাইল হোসেন নবীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাপলা শারমিন জানান,  ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশে বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কনের বয়স যাচাই করে বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে কনের বাবা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবেন না—মর্মে মুচলেকা দিয়েছেন।’
এছাড়াও কোথাও বাল্যবিবাহের আয়োজন বা ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন