পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, বিজয়ের বার্তা মোদির
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফল ও গণনার প্রবণতায় বিজেপির বিপুল ব্যবধানে এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মোদি তার বার্তায় বলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে! ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়লাভ করেছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে মাথা নত করছি।’
তিনি আরও বলেন, ‘জনগণ বিজেপিকে এক অভাবনীয় ম্যান্ডেট দিয়েছেন। আমি তাদের আশ্বস্ত করছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সম্ভাব্য সবটুকুই করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে।’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফল গণনায় এক অভাবনীয় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, প্রধান বিরোধী দল বিজেপি এককভাবে ২০৫ আসনে জয় পেয়ে ম্যাজিক ফিগার ১৪৮-এর অনেক উপরে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে থাকা তৃনমূল কংগ্রেস এখন পর্যন্ত ৮২ আসনে জয় পেয়েছে।
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার পর অনুষ্ঠিত এই প্রথম নির্বাচনেই রাজ্যের শাসকদল বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল।
এবারের নির্বাচনে মূল লড়াই ছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচনে বিজেপির প্রধান মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: