বাসাভাড়ার টাকা শোধে স্ত্রী-মেয়েকেই বাড়িওয়ালার হাতে তুলে দেন স্বামী!
ভারতের গুজরাটে বকেয়া বাসাভাড়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বাড়িওয়ালার হাতে যৌন নির্যাতনের জন্য তুলে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালাকেও আটক করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের বরাতে ভারতীয় মিডিয়া এনডিটিভি জানিয়েছে, পরিবারটি মূলত গুজরাটের সুরেন্দ্রনগরের বাসিন্দা। জীবিকার সন্ধানে প্রায় ছয় মাস আগে তারা মোরবিতে এসে বসবাস শুরু করে। সেখানে মাসিক দুই হাজার রুপি ভাড়ায় একটি বাসা নেন তারা। তবে চরম আর্থিক সংকটের কারণে টানা চার মাস ভাড়া পরিশোধ করতে পারেননি।
এ অবস্থায় বকেয়া ভাড়া আদায়ে বাড়িওয়ালা চাপ সৃষ্টি করতে থাকেন। অভিযোগ অনুযায়ী, পরে ওই যুবক বকেয়া ভাড়ার পরিবর্তে নিজের স্ত্রী ও নাবালিকা কন্যাকে একাধিকবার যৌন নির্যাতন ও ধর্ষণের সুযোগ করে দেন বাড়িওয়ালাকে।
অভিযোগ রয়েছে, বাড়িওয়ালাও সেই সুযোগ নিয়ে দীর্ঘদিন মা ও মেয়ের ওপর নির্যাতন চালান।
ঘটনাটি কোনোভাবে জানতে পারেন ভুক্তভোগী নারীর মা। পরে তিনি মোরবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন কঠোর ধারা এবং শিশু সুরক্ষা আইন ‘পকসো’-এর আওতায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। পাশাপাশি নির্যাতনের শিকার মা ও শিশুর নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: