এমপি প্রার্থী গোলাম কবিরের গুলিতে ছোট ভাই নিহত
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে এমপি প্রার্থী গোলাম কবিরের গুলিতে আপন ছোট ভাই নিহত হয়েছেন।
ফরিদপুরের বোয়ালমারীতে এমপি প্রার্থী ডা. গোলাম কবিরের (৭০) ছোড়া গুলিতে আপন ছোট ভাই মিন্টু নিহত হয়েছেন। গোলাম কবিরকে এলাকার জনগন আটক করে তার বাড়িতে বেধে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে গোলাম কবিরকে আটক করে থানায় নিয়ে যায়। গত ১২ ফেব্রুয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছিলেন ডা: গোলাম কবির।
স্থানীয়রা জানান, গোলাম কবির তার ছোট ভাইকে ডেকে নিয়ে খুব কাছে থেকে কয়েক রাউন্ড গুলি করে। ফলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে গোলাম কবিরের সাথে ভাইদের দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও রয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলার চতুল গ্রামের বাড়ির নিকট থেকে একটি গাছ কাটতে যায় মিন্টু। খবর পেয়ে গোলাম কবির ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে গোলাম কবির তার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে সরাসরি গুলি করে। ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। মিন্টুর লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. গোলাম কবিরকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান
- বিষয়:
- এমপিপ্রার্থী* গোলাম,কবিরের
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: