• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পঞ্চগড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন অতিষ্ঠ জনতা কর্তৃক ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩০ পিএম;
পঞ্চগড়ে ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন অতিষ্ঠ জনতা কর্তৃক ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের মিলগেট এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার দুপুরে কয়েকশ স্থানীয় মানুষ মিলগেট এলাকায় সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অবরোধে স্থবির হয়ে পড়ে শহর। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগের আশ্বাসে বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যান।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান:

 "তীব্র গরমে আমরা অতিষ্ঠ। রোববার থেকে বিদ্যুৎ নেই। বাসাবাড়িতে পানি শেষ হয়ে যাওয়ায় রান্নাবান্না বন্ধ। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও অচল হয়ে পড়েছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছিলাম না, তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।"

জানা গেছে, গত রোববার (৫ এপ্রিল) দুপুরে ধাক্কামারা এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে **শাহিন আলম (৩৫)নামে এক লাইনম্যানের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে স্থানীয়দের দাবি, অনেক এলাকায় রোববার সকাল ১১টা থেকেই বিদ্যুৎ ছিল না।

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে নেসকোর (NESCO) নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা মোবাইল ফোনে জানান "বিদ্যুৎ না থাকায় সমস্যা হচ্ছে, লোকজন আমাকে ঘিরে রেখেছে। আমাদের কর্মীরা কাজ করছেন।"

অবরোধ তুলে নিলেও এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা সচলের চেষ্টা চালিয়ে যাচ্ছে নেসকো ও পল্লী বিদ্যুতের টেকনিক্যাল টিম।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন