বিয়ের দাওয়াত না পেয়ে বন্ধুদের বিক্ষোভ মিছিল
টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি!’ —এমনই এক করুণ অথচ হাস্যরসাত্মক স্লোগান নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক কাঁপিয়ে তুললো একদল তরুণ। কারণটা কোনো রাজনৈতিক দাবি নয়, বরং প্রিয় বন্ধু শাকিল শেখের ‘গোপনে বিয়ে’ করার প্রতিবাদ!
শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি ২০১৫ ব্যাচের একদল বন্ধু ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিনব বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বন্ধুদের দাবি, তাদের দীর্ঘদিনের বন্ধু শাকিল শেখ তাদের কাউকে কিছু না জানিয়ে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন ঘর-সংসার শুরু করেছেন, তখন বন্ধুরা খবরটি জানতে পারেন। বন্ধুর এমন ‘বিশ্বাসঘাতকতায়’ ক্ষোভে ফেটে পড়েন তারা।
বন্ধু আশিক বলেন, দীর্ঘদিন ধরে বিয়েতে বন্ধুদের দাওয়াতের আশ্বাস দিয়ে আসলেও শাকিল শেখ তার বিয়েতে দাওয়াত না দেওয়ায় বিক্ষুব্ধ বন্ধুরা মিলে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করি। তারই পরিপ্রেক্ষিতে আজকের বিক্ষোভ মিছিল। বিয়ের খবর গোপন রাখায় আমরা কষ্ট পেয়েছি। তাই এক হয়ে বন্ধুরা মিলে প্রতিবাদ জানিয়েছি।
বিক্ষোভ মিছিলটির প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সবার খুবই সখ্যতা আছে। সবার সাথে সবার যোগাযোগ অত্যন্ত নিবিড়। হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত দেওয়া হয়নি। যে কারণে তারই প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলটির আয়োজন করে এসএসসি-১৫ ব্যাচ। তবে, দাওয়াত না দিলেও নব দম্পত্তির সুখ কামনায় দোয়া করেছে এই বন্ধু মহল।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: