ভ্যানচালকের মেয়েদের পড়াশোনা চালাতে পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা জহির
ফরিদপুরে ছাত্রদল নেতার মানবিক দৃষ্টান্ত, ভ্যানচালকের মেয়েদের পড়াশোনা চালাতে পাশে দাঁড়ালেন জহির
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর জেলা ছাত্রদল নেতা মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন; ভ্যানচালকের মেয়েদের বন্ধ হয়ে যাওয়া পড়ালেখা সচল রাখতে পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা জহির।
ফরিদপুরের বোয়ালমারীতে হতদরিদ্র এক ভ্যানচালক সানোয়ার হোসেনের ছয় মেয়ের মধ্যে চার মেয়ে মাদরাসার শিক্ষার্থী। তবে অর্থের অভাবে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। এমন খবর পেয়ে তাদের পড়ালেখা সচল রাখতে দায়িত্ব নিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির।
সম্প্রতি তিনি উপজেলার ময়না ইউনিয়নের বাসিন্দা, দরিদ্র ভ্যানচালক সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তার মেয়েদের লেখাপড়ার খরচ চালানোর জন্য নগদ অর্থ প্রদান করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্যানচালক সানোয়ার হোসেন বলেন, আমি হতদরিদ্র মানুষ। আমার ছয়টি মেয়ে। এরমধ্যে চারজন স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো। ভ্যান চালিয়ে যা রোজগার করি তা দিয়ে ঠিকমতো সংসারই চলেনা। মেয়েদের পড়ালেখার খরচ চালাবো কীভাবে? তাই অর্থের অভাবে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। এই খবর পেয়ে জেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি নগদ অর্থ প্রদানের পাশাপাশি মেয়েদের লেখাপড়া চালিয়ে যেতে সকল খরচ বহন করার আশ্বাস দিয়েছেন।
জেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের অনুপ্রেরণায় আমি এ উদ্যোগ নিয়েছি। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ । ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেছেন এই নেতা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: