• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বগুড়া গাবতলীতে কৃষক লতিফ হত্যা: কোদালের আঘাতে হত্যার দায় স্বীকার, গ্রেফতার পার্থ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৯ পিএম;
বগুড়া গাবতলীতে কৃষক লতিফ হত্যা: কোদালের আঘাতে হত্যার দায় স্বীকার, গ্রেফতার পার্থ

বগুড়ার গাবতলী উপজেলা-তে কৃষক আব্দুল লতিফ আকন্দ (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পার্থ সিংহ (৩০) গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালও উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) অভিযান চালিয়ে জামালপুর এলাকা থেকে পার্থ সিংহকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সেচ মেশিন ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন চন্দ্র বর্মনের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জিজ্ঞাসাবাদে পার্থ সিংহ পুলিশকে জানায়, কোদালের উল্টো পাশ (ঘাড়ি) দিয়ে আঘাত করে কৃষক আব্দুল লতিফ আকন্দকে হত্যা করা হয়। হত্যার পর লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে সে পালিয়ে যায়। তবে হত্যার পেছনের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত পার্থ সিংহ গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে। তার জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (২৯ মার্চ) মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে কৃষক আব্দুল লতিফ আকন্দের মরদেহ তার সেচ মেশিন ঘরের পাশ থেকে উদ্ধার করে গাবতলী মডেল থানা পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তের অগ্রগতিতে পার্থ সিংহকে শনাক্ত করে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন