• ঢাকা
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রের বাইরে মা–বাবা ও অভিভাবকদের অপেক্ষা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫২ এএম;
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রের বাইরে মা–বাবা ও অভিভাবকদের অপেক্ষা

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, সন্তানদের পরীক্ষার হলে দিয়ে বাইর অপেক্ষা করছেন শত শত মা–বাবা ও অভিভাবক। তাঁদের কেউ কেউ প্রথম আলোকে বলেছেন, যানজটের কারণে সকালে আসতে কারও কারও সময় বেশি লেগেছে। বিষয়টি নিয়ে তাঁরা কিছুটা উদ্বিগ্ন। তাঁদের কেউ কেউ বলেছেন, পরের বছরের (২০২৭) পরীক্ষার সময় ব্যবস্থাপনায় পরিবর্তন আনা যায় কি না, সেটা যেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ভেবে দেখেন।

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে বাবা–মা ও অভিভাবকদের অপেক্ষা। ২১ এপ্রিল ২০২৬

এদিকে পরবর্তী এসএসসি পরীক্ষা (২০২৭) আগামী ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, জানুয়ারিতে কোর্স শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হবে।

গতকাল সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে মা–বাবা ও অভিভাবকদের অপেক্ষা। ২১ এপ্রিল ২০২৬

পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গতবারের তুলনায় এবার ৭৯ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখের বেশি ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

নতুন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহদী আমিন বলেন, বর্তমান জনবান্ধব ও নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাত্রছাত্রীদের মন থেকে ‘পরীক্ষাভীতি’ শব্দটি দূর করতে চায়। তাঁরা চান পরীক্ষার্থীরা বিনা টেনশনে কেন্দ্রে আসবে, হাসিমুখে পরীক্ষাকেন্দ্র ত্যাগ করবে। একই সঙ্গে অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনারা সন্তানদের নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না।’

উপদেষ্টা বলেন, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত-স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষার হলে এমন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরবর্তী এসএসসি ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

এসএসসি ও এইচএসসি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। এই পরীক্ষাগুলো ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা যায় কি না, সে পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণির ক্লাস শেষ করার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই চিত্র।

দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি আর বজায় রাখা সম্ভব হয়নি; বরং সময়সূচি পিছিয়েছে। যেমন ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে, এটি কি আগামী বছর, নাকি ২০২৮, ২০২৯ সাল থেকে। জবাবে মন্ত্রী বলেন, ‘কেন ২০২৮, ২০২৯, ২০২৭ বলব? জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি?’...হ্যাঁ, কিছুটা ব্যত্যয় ঘটেছে, সে জন্য সপ্তাহে ছয় দিন ক্লাস হচ্ছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তাহলে তাদের জীবন থেকে এক বছর নষ্ট করা হবে কেন?

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোর্স শেষ হবে কবে? তখন সাংবাদিকেরা বলেন ডিসেম্বরে...তখন মন্ত্রী বলেন, ‘জানুয়ারিতে কোর্স শুরু করে ডিসেম্বরে শেষ। তাহলে কোর্স শেষ করে পরীক্ষা নেব, এটা জানা আর না জানার কী হলো?’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন