পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাবার ৩০ ঘণ্টা পর আটক
ফরিদপুর জেলা প্রতিনিধি :
পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাবার ৩০ ঘণ্টা মধ্যে আটক করা হয়েছে আওয়ামীলীগ নেতাকে।
ফরিদপুরের চরভদ্রাসনে চার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে ঘটনার ৩০ ঘণ্টার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার সকালের দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকা থেকে গ্রেফতারের পর পাঁচ পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নেয় তার স্বজন ও অনুসারীরা।
কবির খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাঁধা প্রদানের ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার দোহার থানা পুলিশের সহায়তায় বুধবার দুপুরে হরিচন্ডি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক খান বলেন, কবির খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। নতুন ওই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামান বলেন, কবির খান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। তাকে গ্রেফতারের পর বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পুলিশের* ওপর,হামলা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: