শেরপুরে নাইটগার্ডের হাত-পা বেঁধে ট্রান্সফরমার চুরি
ন্যাচারাল এগ্রো কোম্পানির পার্শ্ববর্তী একটি শ্যালো মেশিনের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসময় ঐ কোম্পানির নাইটগার্ডকে হাত-পা বেঁধে রেখে যায় সংঘবদ্ধ চোরচক্র।
বুধবার (২১ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার খোর্দ্দবগুড়া মৌজায় এ ঘটনা ঘটে।
নাইটগার্ড আব্দুর রাজ্জাক জানান, রাতে শব্দ পেয়ে তিনি টর্চলাইট নিয়ে বাইরে এসে কারা ওখানে বলে চিৎকার করেন। এসময় হঠাৎ পিছন থেকে ৩ জন ব্যক্তি তাকে জাপটে ধরে হাত-পা বেঁধে ফেলে। পরে ৭-৮ জনের একটি চোরের দল শ্যালো মেশিনের ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।
তিনি আরও জানান, সারারাত বাঁধা অবস্থায় পড়ে থাকার পর সকালে ধান কাটতে আসা শ্রমিকরা তাকে উদ্ধার করেন।
উদ্ধারকারী খোর্দ্দবগুড়া গ্রামের মোকবেল মন্ডলের ছেলে মো. জুয়েল মন্ডল (৪০) বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে এসে দেখি ট্রান্সফরমার ছিন্নভিন্ন অবস্থায় নিচে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখি পাশেই একটি বস্তা ঢাকা অবস্থায় কেউ পড়ে আছে। কাছে গিয়ে বস্তা সরিয়ে দেখি আব্দুর রাজ্জাক চাচা বাঁধা অবস্থায় রয়েছেন। পরে কাঁচি দিয়ে তার বাধন খুলে দেই।
শ্যালো মেশিনের মালিক মো. মিজানুর রহমান বলেন, মেশিনটির মালিক আমি। আব্দুর রাজ্জাক কাকাকে রাতে একটু পাহারা দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু চোরেরা তাকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে শেরপুর থানা-র ওসি (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: