পটুয়াখালীর বাউফলে স্কুল থেকে দেওয়া বনরুটিতে মিলল ব্লেড!
পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতরে ধারালো ও পুরোনো ব্লেড পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সন্ধানী শীল (৮) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরহুম স্বপন চন্দ্রশীলের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে সন্ধানীকে টিফিনের জন্য একটি বনরুটি দেওয়া হয়। রুটিটি তাৎক্ষণিকভাবে না খেয়ে সে বাড়িতে নিয়ে আসে। পরে সন্ধ্যায় তার মা রুটিটি ভাগ করার সময় এর ভেতরে একটি পুরোনো ও ভাঙা ব্লেড দেখতে পান। ব্লেডটি দেখার পর মা কলি রানী স্থানীয় লোকজনকে বিষয়টি জানান এবং পরে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর মা কলি রানী বলেন, ‘‘রুটি ভাঙতেই ভেতরে পুরোনো একটি ব্লেডের টুকরো দেখতে পাই। বিষয়টি আমার দোকানের ক্রেতা ও আশপাশের লোকজনকে দেখাই। কিন্তু শিক্ষকদের বিষয়টি জানালে তারা তা মানতে চাননি। কোমলমতি শিশুদের খাবারের সাথে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’’
তবে অভিযোগটি অস্বীকার করে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমানা বেগম দাবি করেন, ‘‘এ বিষয়ে আমরা কিছু জানি না। তবে শিশুটি খুবই চালাক, নিজ থেকেই রুটির ভেতরে ব্লেড ঢুকিয়েছে।’’
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে এ ধরনের ঘটনায় অভিভাবক মহলে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: