রাণীশংকৈলে ইট ভাটার পাশে থেকে যুবকের মরদেহ উদ্ধার
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সন্ধ্যারই সাতঘরিয়া নামক এলাকায় আলী ইটভাটার পাশে থেকে জ্যোতিষ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের আলী ইটভাটার পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জ্যোতিষ চন্দ্র পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন চন্দ্র ওরফে (বঙ্গ)'র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইটভাটার পাশে ধানক্ষেতের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। কৃষিজমির পাশে মরদেহ পড়ে থাকার ঘটনায় আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
শুরুতে স্থানীয় লোকজন মৃতের পরিচয় কিংবা মৃত্যুর কারণ বিষয়ে কোনো তথ্য দিতে না পারলেও,পরবর্তীতে নিহতের পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল ফোনের সাহায্যে তার পরিচয় নিশ্চিত করা হয়।
এদিকে, নিহতের পারিবারিক পরিচয় সম্পর্কে জানা গেলেও জ্যোতিষ চন্দ্রের মৃত্যু কীভাবে হয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে যৌথভাবে কাজ শুরু করেছে। মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: