• ঢাকা
  • শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দশমিনায় নথিতে পাকা, বাস্তবে কাঁচা সড়ক: উপ-সহকারী প্রকৌশলীকে শোকজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৯ পিএম;
দশমিনায় নথিতে পাকা, বাস্তবে কাঁচা সড়ক: উপ-সহকারী প্রকৌশলীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী):

 

পটুয়াখালীর দশমিনায় কাগজপত্রে পিচঢালা পাকা হলেও বাস্তবে এক ইটের খোয়াও না পড়া এক কিলোমিটার সড়কের অনিয়ম নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলজিইডির তদারক কর্মকর্তা ও দশমিনা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) লুৎফর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

উপজেলার বাঁশবাড়িয়া লঞ্চঘাট সড়ক থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কটি ২০১০-২০১১ অর্থবছরে পাকাকরণ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৩৩ লাখ ৮ হাজার ৮৮৫ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে বলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিতে উল্লেখ রয়েছে। তবে বাস্তবে সড়কটিতে কোনো কাজই হয়নি।

বরাদ্দ ও কাজের নথির সঙ্গে বাস্তব পরিস্থিতির এই চরম অসংগতি নিয়ে গত ৮ অক্টোবর ‘নথিতে পাকা, বাস্তবে কাঁচা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি পটুয়াখালী এলজিইডির নজরে আসলে গত ১১ অক্টোবর উপ-সহকারী প্রকৌশলী লুৎফর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দশমিনা উপজেলা প্রকৌশলী এ টি এম সাদিকুর রহমান জানান, তিনি কর্মস্থলে যোগদানের আগেই উক্ত সড়কের সংস্কারকাজ শেষ দেখানো হয় এবং বিল পরিশোধ করা হয়েছিল। সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে শোকজ করা হয়। গত ১৩ অক্টোবর লুৎফর রহমান তার লিখিত জবাব জমা দিয়েছেন, যা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যালয়ে পাঠানো হয়েছে।

এদিকে, শোকজ নোটিশ জারির পরদিন (১২ অক্টোবর) দুই দফায় বরাদ্দ দেওয়ার পরও সড়কটি কেন নির্মিত হয়নি—তা সরেজমিন তদন্ত করতে যান পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান। এ সময় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন ও উপজেলা প্রকৌশলী এ টি এম সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

সরেজমিন পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিয়মানুযায়ী প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন