গলাচিপায় জমি নিয়ে বিরোধে স্বামী-স্ত্রী আহত ; পাল্টাপাল্টি অভিযোগ
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. আজিজ আকন (৬০) ও তাঁর স্ত্রী আসমা বেগম (৫০) আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে গলাচিপা যাওয়ার পথে বাড়ির প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত আজিজ আকন তুলাতলী গ্রামের নুরু হোসেন আকনের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আজিজ আকনের চাচাতো ভাই আরিফ আকন, লিটন, সেলিমসহ আট থেকে দশজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তাঁদের। এতে আজিজ আকন ও তাঁর স্ত্রী আহত হন। এ ছাড়া পূর্বের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং টাকা দাবির অভিযোগও করেছেন তাঁরা।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের লিটন আকন বলেন, “পাঁচ মাস ধরে জায়গাজমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। আজ সকালে তাঁরা আমাদের হুমকি দেন। এ কারণে কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। এর আগে আমাদের বিরুদ্ধে চারটি মামলা করেছেন।”
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গলাচিপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পূর্বের জমিজমা-সংক্রান্ত বিরোধ নিয়ে তাঁদের মধ্যে মারামারি হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: