ভাঙ্গা টিএসসি নির্মাণ কাজের ২ কোটি ৮১ লাখ টাকা পাওনার অভিযোগ, মানববন্ধন
ফরিদপুরের ভাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণকাজের প্রায় ২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা পাওনা আটকে রাখার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাব-ঠিকাদার, শ্রমিক ও পাওনাদারেরা। মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ট্রেডিং’ ও এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তাঁরা বকেয়া টাকা পরিশোধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী গ্রামে অবস্থিত টিএসসি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ, সাব-ঠিকাদার ও শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, ২০২৩ সালে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ট্রেডিং’-এর কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নির (আমমোক্তারনামা) মাধ্যমে কলেজের সার্বিক নির্মাণ ও উন্নয়নকাজের দায়িত্ব নেন স্থানীয় ঠিকাদার মো. রাহাত হাসান মিয়া। তাঁদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্মাণকাজের হিসাব ও সাব-ঠিকাদার-শ্রমিকদের প্রায় ২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা পাওনা আটকে রাখা হয়।
বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা এসএম মিজানুর রহমান পান্না জড়িত। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।
মানববন্ধন থেকে নির্মাণকাজের যাবতীয় হিসাব স্বচ্ছভাবে প্রকাশ, পাওনার সুষ্ঠু হিসাব-নিকাশ এবং বকেয়া অর্থ দ্রুত পরিশোধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পাওয়ায় সাব-ঠিকাদার ও শ্রমিকেরা আর্থিক সংকটে পড়েছেন।
এ সময় বক্তারা আরও জানান, বিষয়টি নিয়ে ভাঙ্গা থানায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। সমস্যা নিরসনে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়া ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রকল্পের সাব-ঠিকাদার রাহাত হাসান মিয়া, প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম, হাইদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর, স্থানীয় জনপ্রতিনিধি পারা মিয়া ও হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শ্রমিকেরা।
অভিযোগের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও মূল ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে রাজি হননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: