পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলের কারাদণ্ড
পটুয়াখালী জেলা প্রতিনিধি :
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পটুয়াখালীর গলাচিপায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইস-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে পরিচালিত যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চরবিশ্বাস এলাকার হাসেম কাজীর ছেলে মোঃ সাদেক কাজী, বারেক মোল্লার ছেলে রবিউল হাসান এবং মকবুল হাওলাদারের ছেলে বাবু মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক। তিনি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় অমান্যকারীদের সাজা প্রদান করেন। আদালতের রায়ে মোঃ সাদেক কাজী ও রবিউল হাসানকে ২০ দিন করে এবং বাবু মিয়াকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়ন করা হচ্ছে। এ সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে নদীতে ইলিশ আহরণ কিংবা যেকোনো বেআইনি কাজের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ টহল ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: