কলাপাড়ায় ১০ মাসের শিশু নিখোঁজ: ভগ্নিপতিকে প্রধান আসামি করে মামলা, গ্রেপ্তার ১
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশ থেকে ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজের আলোচিত ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় তাঁর বোনজামাই আল-আমিনকে (৪০) প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
এর আগে একই দিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে প্রধান অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তার করে।
মামলার এজারাত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা রাসেল খান তাঁর ১০ মাসের শিশু সন্তান রাইয়ানকে নিয়ে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালি কাজ করছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে ঘরের ভেতরে বোনজামাই আল-আমিনকে দেখতে পান এবং মুহূর্তেই পুনরায় ঘুমিয়ে পড়েন।
এর কিছুক্ষণ পরেই শিশু রাইয়ানকে আর বিছানায় পাওয়া যায়নি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল-আমিনের সঙ্গে রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, পূর্বেও আল-আমিন শিশু রাইয়ানকে অপহরণের হুমকি দিয়েছিলেন। বাদীপক্ষের দাবি, পূর্বশত্রুতার জের ধরেই আল-আমিন ৩ থেকে ৪ জন সহযোগীকে নিয়ে শিশুটিকে অপহরণ করেছেন।
এদিকে, বসতঘর থেকে ১০ মাসের শিশু নিখোঁজের এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “শিশু নিখোঁজের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশি তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: