নওগাঁ-জয়পুরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় প্রতিহত
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহার ও জয়পুরহাটের কড়িয়া সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশিকে জোরপূর্বক পুশইনের (বেআইনিভাবে ফেরত পাঠানোর) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ৭ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। পুশইন হওয়া এই দলে একজন নারী ও বাকিরা পুরুষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় পৃথক এই দুটি ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা প্রতিহত করে।
একই সময়ে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত দিয়ে আরও ৪ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। প্রাথমিক তথ্যানুযায়ী, এই ৪ জন একই পরিবারের সদস্য।
লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। এছাড়া শূন্যরেখায় অবস্থানরত ওই ৭ জনকে নিরাপদে ও আইনগত প্রক্রিয়ায় ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক ও আলোচনা অব্যাহত রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: