• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে ভূয়া সেনা কর্মকর্তা আটক; অস্ত্রসহ সামরিক সরঞ্জাম উদ্ধার 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৯ পিএম;
ফরিদপুরে ভূয়া সেনা কর্মকর্তা আটক; অস্ত্রসহ সামরিক সরঞ্জাম উদ্ধার 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে এক ভূয়া সেনা কর্মকর্তাকে অস্ত্র ও সামরিক সরঞ্জামসহ আটক করা হয়েছে। 
ফরিদপুর সদরে কোতোয়ালি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, তাজা গুলি, ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। আটককৃত ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোরে ও সকালে ফরিদপুর শহরের দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, ভোড় সাড়ে ৫টার দিকে উত্তর কালীবাড়ি এলাকার জেনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনে মাদক বেচাকেনার খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবীরা পালিয়ে যায়। পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এরপর সকাল পৌনে ৯টার দিকে নীলটুলির একটি আবাসিক ভবনে অভিযান চালায় এসআরবি-১০। এ সময় পালানোর চেষ্টা করলে চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে সাফায়েত আহমেদকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি ককটেল, একটি খেলনা রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি, একটি ট্রেজার গান, ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা, সেনাবাহিনীর দুটি ক্যাপ, একটি এপিবিএন ক্যাপ ও একটি সেনাবাহিনীর কোমর বন্ধনী উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা রয়েছে বলেও জানিয়েছে এসআরবি-১০।
এসআরবি-১০-এর সিপিএসসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এসআরবি-১০-এর অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন